টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Sep 23, 2026

গাজীপুর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে চেরাগ আলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাজমুল হোসেন মন্ডল বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে টঙ্গীতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচি পালন করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বিক্ষোভ মিছিলে টঙ্গী পূর্ব থানা যুবদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে নানা স্লোগান দেন। এ সময় টঙ্গী পূর্ব থানা কৃষকদলের সদস্যসচিব আবুল কালামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *