উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা

অফিস ডেস্ক :
নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা উপস্থিত থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত সরকারি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তারা যদি কোনো সহযোগিতা চান, তাহলে তা করতে উপদেষ্টারা প্রস্তুত থাকবেন। তিনি বলেন, “দুর্যোগময় সময়ে আমাদের দেশের দায়িত্ব নিতে বলা হয়েছিল। আমরা সে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, “আজকের কেবিনেট বৈঠকে নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পর এক নারীর ওপর অন্যায় হয়েছে—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তার সঙ্গে অনলাইনে সরাসরি কথা বলা হয়েছে এবং তাকে সর্বোচ্চ ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
এ সময় তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব–এর সংস্কারমূলক কাজ অনেকের পছন্দ হয়নি। সে কারণেই একটি গোষ্ঠী বিভ্রান্তিকরভাবে ‘পালিয়ে যাওয়ার’ গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *