কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ
বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পল্লী বিদ্যুৎ ২ নম্বর অফিসের পূর্ব পাশে সড়ক সম্প্রসারণের লক্ষ্যে চিহ্নিত স্থাপনা সরাতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মা ও ছেলে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল (জুয়েল) বাদী হয়ে মোঃ আউয়াল (৩৫)-সহ চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র সূত্রে জানা যায়, সড়ক সম্প্রসারণ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২৩ সেপ্টেম্বর সড়ক সংলগ্ন অবৈধ ও চিহ্নিত স্থাপনা সরিয়ে নিতে ময়নামতি এলাকার দোকানদারদের নোটিশ প্রদান করে। নোটিশের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রুবেল ও তার পরিবার নিজেদের দোকানের চিহ্নিত টিন খুলতে যান। এ সময় পূর্ব শত্রুতা ও ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় অভিযুক্ত আউয়াল, সুজন, জজ ও বাবুল মিয়া বেআইনিভাবে তাদের কাজে বাধা প্রদান করেন এবং গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আউয়াল ভুক্তভোগীর মায়ের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে রুবেল প্রমাণের উদ্দেশ্যে নিজের মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা বাঁশ ও ধারালো চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায়, মারধর করে এবং তার মাকে লাঞ্ছিত করে। একই সাথে রুবেলের হাত থেকে ৭০,০০০ টাকা মূল্যের মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেয় এবং ভুক্তভোগীদের বসতবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে স্থান ত্যাগ করে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।