পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে শ্রীপুর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমনের নেতৃত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নির্দেশনায় কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দলীয় নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার কথা বলেন। গাজীপুর জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমন বলেন, “আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।” তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গাজীপুর জেলা বিএনপির এই কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা-ইউনিটের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।