গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ভোর ৪টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত গজারিয়ার মহাসড়কের এই অংশে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। নিয়মিত যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা না থাকায় গজারিয়া অংশে এ ধরনের দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
দীর্ঘ যানজটের কারণে জরুরি কাজে বের হওয়া মানুষ ও পণ্যবাহী যানবাহনের চালকরা বিপাকে পড়েন। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
একজন ট্রাকচালক সুমন মিয়া বলেন,
“আমি কোম্পানির মাল নিয়ে চৌদ্দগ্রাম যাচ্ছিলাম। ভোর চারটা থেকেই যানজট শুরু হয়েছে। কেন এই যানজট সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পারছি না। বেশিরভাগ সময়ই গজারিয়া অংশে এমন পরিস্থিতি দেখা যায়।”
এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহা কামাল আকন্দ জানান,
“দাউদকান্দি ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।”
স্থানীয়দের দাবি, মহাসড়কের এই অংশে স্থায়ী সমাধান ও দ্রুত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতেও এমন দুর্ভোগ চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *