টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবার বিশাল চালান জব্দ, দেশীয় অস্ত্রসহ আটক ২

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবার বিশাল চালান জব্দ, দেশীয় অস্ত্রসহ আটক ২

Nov 5, 2026

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত হ্নীলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬)। এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করা হয়। এর আগে ব্যাটালিয়নের সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে ইয়াবার বড় চালান বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারির অবস্থানের তথ্য পায়। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই যুবককে আটক করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এসব অভিযানে সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *