নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী সাংবাদিক আব্দুল মতিন
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংবাদিক মো. আব্দুল মতিন। গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করে মতবিনিময় করেন তিনি। এ ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তাকে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। মো. আব্দুল মতিন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংবাদিকতা অঙ্গনেও রয়েছে তার পরিচিতি। স্থানীয়দের কাছে আব্দুল মতিন একজন মার্জিত, মিষ্টভাষী ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিত। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় তাকে ঘিরে চলছে নানা আলোচনা। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণদের মধ্যে তার পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ তাকে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করেছে বলে মনে করেন তার সমর্থকেরা। এলাকার কয়েকজন প্রবীণ নাগরিকের মতে, নন্দিরগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন যোগ্য, জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব। তাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে মো. আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, আব্দুল মতিন ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা করতেও তিনি ভূমিকা রেখেছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় তিনি অসহায় মানুষের পাশে খাদ্যসহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণের মাধ্যমেও শীতার্ত মানুষের সহযোগিতা করে আসছেন। এ ছাড়া নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটি ও বিএনপির ওয়ার্ড কমিটি গঠনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আব্দুন নুরের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করেন আব্দুল মতিন। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আরও দৃশ্যমান হয়। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নন্দিরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে আব্দুল মতিনকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে। তবে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের চূড়ান্ত মতামতই নির্ধারণ করবে নির্বাচনী মাঠের সমীকরণ।