মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম

Oct 27, 2026

কক্সবাজার জেলা প্রতিনিধি:

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিত অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *