ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: আবুসাঈদ আখাউড়া উপজেলা পরিদর্শন করেন।
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
আজ মে ১৮-৫-২০২৬ তারিখ
শুরুতে তিনি আখাউড়া থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম, হাজতখানা ও রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মনোযোগ সহকারে পড়াশোনা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়। তিনি জনগণের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম, নামজারি, খতিয়ান প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার উপর গুরুত্বারোপ করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি ঐতিহ্যবাহী খরমপুর মাজার পরিদর্শন করেন। মাজারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং এর ঐতিহ্য সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।