পালংখালীতে উৎসবে মুখর বলী খেলার সমাপ্তি : চ্যাম্পিয়ন শামশু আলম বলী।

পালংখালীতে উৎসবে মুখর বলী খেলার সমাপ্তি : চ্যাম্পিয়ন শামশু আলম বলী।

 

 

নিউজ ডেস্কঃ-

 

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী তেলখোলা এলাকায় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির মেলবন্ধনে শেষ হয়েছে ৪ দিনব্যাপী জমজমাট বৈশাখী মেলা ও বলী খেলা। বুধবার (৬ মে) বিকেলে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোছারখোলা ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

 

বিকেল ৩টা থেকে শুরু হওয়া বলী খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাতীয় পর্যায়ের বলীরা অংশ নেন। বালুভর্তি মাঠে বলীদের শক্তি ও কৌশলের লড়াই উপভোগ করতে মাঠজুড়ে ভিড় করেন দর্শকরা। চূড়ান্ত লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে উখিয়ার কৃতি সন্তান শামশু আলম বলী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া যৌথভাবে রানারআপ হন চট্টগ্রামের দিদার কলি ও কুমিল্লার রাশেদ মাল বলী।

 

পালংখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিনের নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে এই মেলা ও বলী খেলার আয়োজন করা হয়। চারদিনব্যাপী এ বৈশাখী মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন,

বলী খেলা আমাদের চট্টগ্রামের আদি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আধুনিকতার ভিড়ে এসব গ্রামীণ খেলা হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি আমাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

 

বিশেষ অতিথি সাহাব উদ্দিন চৌধুরী বলেন,

মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে লোকজ সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট। আমরা চাই প্রতি বছর এ আয়োজন অব্যাহত থাকুক।

 

সমাপনী দিনে মোছারখোলা মাঠ কানায় কানায় পূর্ণ ছিল দর্শকে। পালংখালী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ঐতিহ্যবাহী এ বলী খেলা উপভোগ করতে ভিড় জমান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ীদের উল্লাস ও বৈশাখী মেলার সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *