কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী কৃষি পদ্ধতি এবং উন্নত চাষাবাদ সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের বীজ, ফল ও সবজি চাষের আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং কৃষি উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন দিক প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও কৃষকদের জন্য প্রযুক্তিগত পরামর্শ, প্রশিক্ষণ এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ রাখা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করছেন। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।