ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি :
পাবনার ফরিদপুর পৌরসভায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। সভাপতির বক্তব্যে মাহমুদা সুলতানা বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “ফরিদপুর পৌরসভাকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আঃ হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবিহা শারমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চু, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।