টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সিনিয়র আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব আসাদুজ্জামান ভিপি নুর, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতারা। এ সময় ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।