সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) কর্তৃক প্রস্তাবিত নগর উন্নয়ণ কাযক্রমের আওতা থেকে গোলাপগঞ্জ উপজেলাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন উপজেলাবাসী
সিলেট প্রতিনিধিঃ
এ দাবিতে গোলাপগঞ্জ উপজেলাবাসির পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এর আওতাভুক্তির প্রক্রিয়া থেকে গোলাপগঞ্জ উপজেলাকে বাদ দেওয়ার দাবিতে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছ ছুন্নাহ চৌধুরী নার্জিস স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২৩ সালের সরকারি গেজেটে সিলেট নগর উন্নয়ন কার্যক্রমের জন্য নির্ধারিত সীমানা ও এলাকার বিষয়ে নির্দেশনা রয়েছে। সেখানে সিলেট সিটি করপোরেশন এলাকাকে কেন্দ্র করে নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়। গোলাপগঞ্জকে সিউকের আওতাভুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র উপজেলা। দীর্ঘদিন ধরে নিজস্ব প্রশাসনিক কাঠামো, সামাজিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থানীয় স্বাতন্ত্র্য নিয়ে উপজেলাটি পরিচালিত হয়ে আসছে। ফলে নগর উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গোলাপগঞ্জকে অন্তর্ভুক্ত করার আগে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। স্মারকলিপিতে আরও বলা হয়, নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অবকাঠামোগত বিষয় নয়, সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রশাসনিক কাঠামো, জনসংখ্যার ধরন এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনা করা জরুরি। গোলাপগঞ্জের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিটি মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়, এবং মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর কাছে প্রদান করা হয়। একই সঙ্গে সিলেট-৬ আসনের সংসদ সদস্যের কাছেও বিষয়টি তুলে ধরে গোলাপগঞ্জকে সিউকের আওতাভুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছ ছুন্নাহ চৌধুরী নার্জিস বলেন, গোলাপগঞ্জের নিজস্ব ঐতিহ্য, প্রশাসনিক স্বাতন্ত্র্য ও স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে উপজেলাটিকে সিউকের আওতাভুক্ত না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তিনি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, রেশাদ আহমদ চৌধুরী, উপদেষ্টা, পৌরসভা বাস্তবায়ন কমিটি। গোলাপগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ মুন্না সহ প্রমুখ নেত্রিবৃন্দ উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জকে সিউকের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে যে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আরও পর্যালোচনা এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, গোলাপগঞ্জের স্বাতন্ত্র্য ও জনস্বার্থ অক্ষুণ্ন রেখে সরকার এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে।