চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Aug 29, 2026

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী জেলার চারঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
​গতকাল শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত ১১:১৫ ঘটিকায় চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পিছনে সুপার ইট ভাটার সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই থানার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পিছনে দুই ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলসহ অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত ১১:১৫ ঘটিকায় ডিবি পুলিশের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা মোটরসাইকেলটি রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলে এবং আটক করে। পরবর্তীতে আসামি মোঃ ইমন হোসেনের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে দুটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো মোট ৬০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (ইঞ্জিন নং-G3L5E0416716, চেসিস নং-PS2RG4100A191509) জব্দ করা হয়।
​উদ্ধারকৃত হেরোইন ও মোটরসাইকেল জব্দের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *