ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যাঁরা

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যাঁরা

অফিস ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলটিং) প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই কার্ডের কার্যক্রম শুরু হবে।

ফ্যামিলি কার্ডের নমুনা হাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। (ফাইল ছবি)

এ কর্মসূচির বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।

এই কমিটির প্রধান দায়িত্ব হবে—

ফ্যামিলি কার্ডের উপযুক্ত নকশা (ডিজাইন) প্রণয়ন

সুবিধাভোগী নির্বাচনের স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ

নারীদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এই কার্ডের আওতায় আনা যায় কি না, তা পর্যালোচনা

এছাড়া সুবিধাভোগীদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ-এর মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস (MIS) ব্যবস্থা চালুর সুপারিশ করবে কমিটি।

সরকারের লক্ষ্য, ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা। এ লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে কমিটির সভা আহ্বান করা হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *