ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিএনপির শীর্ষ নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিএনপির শীর্ষ নেতারা

অফিস ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চার শীর্ষ নেতা এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেতে যাচ্ছেন।
দলীয় ও সরকার-ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে। তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালের মার্চ পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে ড. খলিলুর রহমান-কে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন এবং একই সঙ্গে ২০২৪ সাল থেকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করে আসছেন।
সবচেয়ে আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর হাতে। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই দিনে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
নতুন সরকারের মন্ত্রিসভায় বিএনপির প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের এই নিয়োগ দলীয় রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই নেতৃত্ব দেশের প্রশাসনিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *