প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রয়োগভিত্তিক গণতান্ত্রিক দর্শন ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কল্যাণরাষ্ট্র বিনির্মাণে বহুমাত্রিক প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তির সদিচ্ছা সাময়িক পরিবর্তন আনতে পারে, কিন্তু রাষ্ট্রের স্থায়ী পরিবর্তন নিশ্চিত করতে প্রয়োজন শক্তিশালী, জবাবদিহিমূলক ও স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামো। এ লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য (Separation of Powers) নিশ্চিত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা এবং আইনের শাসন (Rule of Law) প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বক্তারা। দার্শনিক অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ছাড়া ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, সংসদকে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত গ্রহণের প্রতিষ্ঠানে পরিণত না করে বিরোধী দলের মতামত ও নাগরিক সমাজের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দিতে হবে। নাগরিকের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী বৈষম্যমূলক আইন ও কালো আইন বাতিল করতে হবে।
হংকং থেকে লায়ন দিদার সরদার বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কাঠামো গড়ে তোলা জরুরি। একই সঙ্গে অপরাধীর রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের চোখে সবাইকে সমানভাবে বিচার করতে হবে। সংগঠনের আলোচনায় অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, উন্নয়নকে শুধু জিডিপি (GDP) বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; সম্পদের সুষম বণ্টন, বৈষম্য হ্রাস এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তাকে নাগরিকের অনুগ্রহ নয়, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ননীতি গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা যেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারে (Tyranny of the Majority) পরিণত না হয়, সে জন্য ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক সংখ্যালঘুদের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আলোচনার উপসংহারে বলা হয়, বহুমাত্রিক প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ছাড়া আদর্শ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। ব্যক্তির সদিচ্ছা পরিবর্তনের সূচনা করতে পারে, কিন্তু শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোই সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে পারে।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সংগঠক: এম এ রউফ
যোগাযোগ: 0097466958035
ই-মেইল: Roufnasrin@gmail.com