গাজীপুর সিটি কর্পোরেশন-এ দায়িত্ব গ্রহণ: গ্রীন সিটি গড়ার অঙ্গীকার প্রশাসক শওকত হোসেন সরকারের
স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নাগরিক সেবায় ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর তিনি সিটি করপোরেশনের আঙিনায় একটি নিমের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, গাজীপুর সিটিকে একটি “গ্রীন সিটি” হিসেবে গড়ে তোলা হবে এবং নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করা হবে।
প্রশাসক জানান, নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে। পরিকল্পিত সবুজ নগরী হিসেবে গাজীপুরকে গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ, নগরের গ্রামাঞ্চলকে ধীরে ধীরে শহুরে সুবিধার আওতায় আনা এবং ঢাকামুখী সংযোগ সড়কগুলোর উন্নয়ন তার কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে কানেক্টিং রোডগুলো উন্নত করা হবে, যাতে প্রধান সড়কে দ্রুত পৌঁছানো যায়।
নাগরিক সেবা প্রসঙ্গে তিনি আশ্বাস দেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এবং দলের নেতা-কর্মীদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা হবে। পর্যায়ক্রমে সব নাগরিক সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করা হবে বলেও জানান তিনি।
এর আগে, সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি কাশিমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে নির্বাচিত কোনো মেয়রই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় কেউ শুরুতে, আবার কেউ মাঝপথে দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।
এমন প্রেক্ষাপটে নতুন প্রশাসকের প্রতিশ্রুতি নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, ঘোষিত উন্নয়ন পরিকল্পনা কতটা বাস্তবায়ন হয় এবং গাজীপুর সিটি কত দ্রুত কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এগোয়।