সাংবাদিক নূর মোহাম্মদ কাজলের পিতার ইন্তেকাল: দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন।
মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ কাজলের শ্রদ্ধেয় পিতা করম আলী শেখ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রবিবার (২৪ মে) বেলা ৩:০০ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই ব্যক্তির বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ দুই দফায় অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এশার নামাজের পর রাত ৯:০০ ঘটিকায় জামালপুর হাবুর ধানের খলায় তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে আজ সোমবার (২৫ মে) সকাল ৯:০০ ঘটিকায় কলাপাটুয়া মোল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। দুই দফা জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লি এবং সাংবাদিক সহকর্মীরা অংশ নেন।
এদিকে প্রবীণ এই অভিভাবকের মৃত্যুতে কলাপাটুয়া গ্রামসহ পুরো উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুর সংবাদে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
সাংবাদিক নূর মোহাম্মদ কাজলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “করম আলী শেখের মতো একজন প্রবীণ ও সাদা মনের মানুষের চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন।”