প্রকৃত বন্ধুত্ব মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি: এম. এ. রউফ

নিজস্ব প্রতিবেদক:
দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে “যুগে যুগে রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার”-এর প্রতিষ্ঠাতা ও সংগঠক এম. এ. রউফ বলেছেন, একজন প্রকৃত বন্ধু একজন মানুষের জীবন বদলে দিতে পারেন। নিঃস্বার্থ সমর্থন, আন্তরিক ভালোবাসা এবং সঠিক দিকনির্দেশনা মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং কঠিন সময় মোকাবিলায় শক্তি জোগায়।
তিনি বলেন, শৈশব থেকেই মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তিনি এগিয়ে আসছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, মানবিক সম্পর্ক ও প্রকৃত বন্ধুত্ব একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। এম. এ. রউফের মতে, একজন প্রকৃত বন্ধুর প্রধান বৈশিষ্ট্য হলো অকপট সততা, নিঃশর্ত সমর্থন এবং পারস্পরিক বিশ্বাস। এমন বন্ধুর কাছে মানুষ নির্ভয়ে নিজের মনের কথা প্রকাশ করতে পারে এবং জীবনের বিভিন্ন সংকটে মূল্যবান পরামর্শ লাভ করে। তিনি সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের জীবনে যদি এমন কোনো প্রকৃত বন্ধু থেকে থাকেন, তাহলে সেই বন্ধুত্বের স্মরণীয় অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করা উচিত। এতে পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।