“অসহায় ও দুস্থ মানুষের মাঝে ‘একতার আলো’র ঈদ উপহার বিতরণ”

“অসহায় ও দুস্থ মানুষের মাঝে ‘একতার আলো’র ঈদ উপহার বিতরণ”

অফিস ডেস্ক :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘একতার আলো’। ঈদের আগের দিন রাত্রে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনটির সদস্যরা নিজেরা অর্থ প্রদান করে কোনো ডোনেশন বা বাইরের কারো সহযোগিতা না নিয়েই এই মহৎ কাজটি সম্পাদন করেন।

উপহার হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি, ডাল, নুডলস, পোলাও চাল, সয়াবিন তেল, আলু, ২ টি করে সাবান, নারিকেল তেল ইত্যাদি প্রদান করা হয়।
এছাড়াও ১০ জন নারী ও পুরুষকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
উপহার বিতরণ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান মাসুদ বলেন, “পবিত্র ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবেই ঈদের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ‘একতার আলো’ সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস আর্তমানবতার সেবায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সংগঠনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণদের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতার কারণে আজকের এই আয়োজন সফল হয়েছে। আমরা চাই না অভাবের কারণে কোনো পরিবারের ঈদ আনন্দ ফিকে হয়ে যাক। ইনশাআল্লাহ, আগামীতে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালিত হবে।” তিনি আরো বলেন, “ইতোমধ্যে আমরা গত শীতের মাঝে খুব ভাল মানের কম্বল বিতরণ করেছি। আমিসহ সংগঠনের কয়েকজন সদস্য রক্ত দিচ্ছি নিয়মিত। তাছাড়া অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষকে সহযোগিতা করে থাকে। আমাদের এইসব সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

সংঠনটির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। এবারও আমরা সাধ্যমতো দুস্থদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো সমাজে বৈষম্য কমিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।”

উল্লেখ্য যে, ‘একতার আলো’ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে। ভবিষ্যতেও তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *