বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদা আক্তার জেরিন (২৭) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ–এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানা–র উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ এবং নিহতের মামা মহসিন।
পুলিশ জানায়, বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি খোরশেদ আলীর মেয়ে।
এসআই আব্দুল ওয়াদুদ জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।