কাজিরহাটে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৫ জন গ্রেপ্তার

অফিস ডেস্ক :
বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে পূর্বশত্রুতার জেরে মোস্তফা বয়াতি (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে মোস্তফা বয়াতি ও তার স্বজন মন্টু বয়াতি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভাষানচর সড়কের তক্তা গ্রামের মানিক ঘরামির রেন্টি বাগানের কাছে পৌঁছালে সিদ্দিক হাওলাদারের নেতৃত্বে শাহাবুদ্দিন, নান্নু রাড়ি, কাশেম রাড়ি, জসিম, মিন্টু ও আরও ৬/৭ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
মন্টু বয়াতির চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আখিনূর ও মা সোফিয়া এবং তার একমাত্র কন্যা, কলেজছাত্রী মেহেরুন্নেসা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আখিনূর বাদী হয়ে কাজিরহাট থানা-য় ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১১।
পুলিশ জানায়, আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নান্নু রাড়ি, কাশেম রাড়ি, মিন্টু ও জসিমসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামি সিদ্দিক হাওলাদার এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।