ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর ফাঁসির রায়, বাচ্চু মিয়া খালাস

অফিস ডেস্ক :
রাজধানীর ধানমন্ডি এলাকায় ছয় বছর আগে সংঘটিত জোড়া খুনের ঘটনায় এক গৃহকর্মীকে মৃত্যুদণ্ড এবং অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদ। অপর গৃহকর্মী বাচ্চু মিয়া অভিযোগ থেকে খালাস পান। রায় ঘোষণার পর বাচ্চু মিয়া আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন।
মামলার পটভূমি
২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিম–এর শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মী দিতি (১৮)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির ‘লোবেলিয়া হাউজ’ নামের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন।
আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবা ঘটনার দুই দিন পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত ও বিচার
২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআই–এর তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১১ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত একজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং অপরজনকে বেকসুর খালাস দেন।