নির্বাচনে হেরে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!
অনলাইন ডেস্ক
ভোট কেনার অভিযোগে অর্থ বিতরণ করেছিলেন এক প্রার্থী। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। নির্বাচনে পরাজয়ের পর শুরু হয় এক বিস্ময়কর ও বিতর্কিত ঘটনা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে দেওয়া টাকা ফেরত চাইছেন পরাজিত প্রার্থীর স্ত্রী—এমন অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশন-এর ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।
অভিযোগ অনুযায়ী, ফল ঘোষণার পর তিরুপতি ও তার পরিবার গভীর হতাশায় পড়েন। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা ফেরত চাইছেন তার স্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিরুপতির স্ত্রী রূপা ভোটারদের কাছ থেকে শপথবাক্য পাঠ করাচ্ছেন—‘শপথ করে বলুন, আপনি ভোট দিয়েছেন কি না।’ কেউ ভোট না দেওয়ার কথা স্বীকার করলে তার কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো বা পরে সেই অর্থ ফেরত চাওয়া—দুটিই নির্বাচনি বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। এই ঘটনা তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।