পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

অফিস ডেস্ক :
পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি এ বিষয়ে সরকারকে একটি আইনি নোটিশ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ওই নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে, যা আইন, নীতি ও রীতির অংশ। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘আইন’ বলতে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতিকেও বোঝায়। ফলে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।
নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে। এতে রোজা রাখা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে এবং রোজা পালনের অভ্যাস থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। পাশাপাশি রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে নগরবাসী চরম দুর্ভোগে পড়ে—যা কারও কাম্য নয়।
আইনি নোটিশের জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে এই রিট দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *