ইতিহাসে এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতিহাসে এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অফিস ডেস্ক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তিনি দাবি করেন, ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতার চেষ্টা হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের ব্যবস্থা নেয়—তা সবাই দেখতে পাবেন। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারত না। তবে এবার সিনিয়র সচিবের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্র প্রাঙ্গণে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে পারবেন, যা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে।
ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও ড্রোন ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী বেষ্টনী তৈরি করা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *