ইসির নতুন প্রজ্ঞাপন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যাঁরা
অফিস ডেস্ক :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞা থেকে আংশিকভাবে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ইসি। মঙ্গলবার (আজ) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত রোববার রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই সিদ্ধান্ত প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না—
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
২. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ।
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই (২) জন আনসার সদস্য।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।