ভোটের টানে বাড়ি ফেরা মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট
অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। ঈদের ছুটির সময়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।
সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কলেজগেট ও গাজীপুর এলাকাতেও যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বাস সংকটকে সুযোগ হিসেবে নিয়ে কিছু পরিবহন শ্রমিক স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। পাশাপাশি, আন্তঃজেলা ও অন্তঃজেলার কিছু বাস স্বাভাবিক রুট পরিবর্তন করে অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে, যা যাত্রী দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। ফলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঈদের সময়ের মতো ভিড় দেখা গেছে এবং আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
এদিকে, কমলাপুর রেল স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ নিজ নিজ গ্রামে যাচ্ছেন।
অনেক যাত্রী জানান, কয়েক বছর পর ভোট দেওয়ার সুযোগ ও উৎসবমুখর পরিবেশ উপভোগের আনন্দে এই বাড়তি দুর্ভোগও তারা মেনে নিতে প্রস্তুত।