নাগরপুরে ৯৬ ভোটকেন্দ্রের মধ্যে ২৫টি ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনের নাগরপুর উপজেলায় মোট ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ইতোমধ্যে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে।
নাগরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গের ভোটার এবং পোস্টাল ব্যালটের ভোটাররাও অন্তর্ভুক্ত রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ভোটার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
টাঙ্গাইল-৬ আসনে এবারের নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আখিনুর মিয়া (হাতপাখা), বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ কে এম আবদুল হামিদ (দাড়িপাল্লা), জাতীয় পার্টির তারেক শামস খান (বাইসাইকেল), মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম (মোরগ) ও মো. জুয়েল সরকার (হরিণ)। নাগরপুর উপজেলায় তাদের ভোটের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নির্বাচন ঘিরে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটাররা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।