নির্বাচনে ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

নির্বাচনে ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার :

ঢাকা মহানগরীতে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে বডি ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৭টি ভোটকেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং সেখানে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *