ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর
অফিস ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো ভোটারদের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও সেখানে অনুমোদিত থাকবে না। তিনি একে স্পষ্টতই একটি হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তার ভাষায়, “ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন না করার কোনো যৌক্তিকতা নেই। আগে কখনো এমন সিদ্ধান্ত দেখা যায়নি। এর ফলে কোনো বিপদ ঘটলেও তাৎক্ষণিকভাবে কাউকে ফোন করে জানানো সম্ভব হবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার মোবাইল ছাড়া কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতে পারেন, যা ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে।
হাসনাত আবদুল্লাহ জানান, সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র দ্রুত ধারণ ও প্রচার করতে পারেন, স্থির ক্যামেরা তা পারে না। কেন্দ্র দখল বা ভোট চুরি রোধে ব্যক্তিগত মোবাইল ফোন একটি কার্যকর মাধ্যম হতে পারে, কারণ সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড করা সম্ভব।
তার অভিযোগ, এসব অনিয়মের ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সে উদ্দেশ্যেই নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দিচ্ছে।”
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।