আবারো মা হচ্ছেন বুবলী, শাকিব খানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান

আবারো মা হচ্ছেন বুবলী, শাকিব খানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান

আবারো বাবা–মা হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী। নির্ভরযোগ্য সূত্রের দাবি, তাদের ঘরে আসতে যাচ্ছে দ্বিতীয় সন্তান। বর্তমানে বুবলী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভাবস্থার কারণে তিনি শুটিং কার্যক্রম থেকেও সাময়িক বিরতিতে রয়েছেন।
সূত্র জানায়, শাকিব খানের পরামর্শেই সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বুবলী। এর আগেও তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত হন বুবলী। অনুষ্ঠানে তার বেবিবাম্প স্পষ্টভাবে নজরে আসে। হাঁটাচলা ও শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেই ধারণা করেন, তিনি অন্তঃসত্ত্বা। সেদিন বুবলী বিস্কিট রঙের একটি ফ্লোর টাচ গাউন পরেছিলেন, যা তার গর্ভাবস্থাকে আরও দৃশ্যমান করে তোলে।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও বিষয়টি সরাসরি স্বীকার কিংবা অস্বীকার করেননি বুবলী। কৌশলী ভঙ্গিতে তিনি বলেন,
‘আজ আমাদের একটি গ্র্যান্ড লঞ্চ প্রোগ্রাম। এগুলো খুবই ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়, তাই এখন এ নিয়ে কথা বলা ঠিক হবে না।’
তিনি আরও বলেন,
‘সবকিছু ঠিক সময়ে সম্মানের সঙ্গে সবাইকে জানানো হবে।’
এ সময় তিনি উপস্থিতদের সামনে তার পাসপোর্টও দেখান, যা থেকে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।
বর্তমানে বুবলী কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন না। তার অভিনীত চলমান চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’–এর দ্বিতীয় লটের শুটিংও তাকে ছাড়াই সম্পন্ন করা হবে। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, প্রথম লটে চার দিনের শুটিং শেষ হলেও দ্বিতীয় লটের কাজ নায়িকাকে ছাড়া শেষ করতে হচ্ছে।
এর আগে শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও বিতর্ক থাকলেও, গত বছরের শেষ দিকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশের পর নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে—তারা আবারও এক হচ্ছেন। এবার বুবলীর মা হওয়ার খবর সেই গুঞ্জনকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি প্রকাশ করেছিলেন। এবারও একই পথে হাঁটলেও, সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে বিষয়টি আপাতত রহস্যেই রাখছেন এই অভিনেত্রী।
এদিকে বুবলীর ঘরে নতুন অতিথি আসার খবরে ঢালিউড অঙ্গনে ও ভক্তদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দ। শাকিব খানের ঘরে দ্বিতীয় সন্তানের আগমন ঘিরে ঢালিউডের এই জনপ্রিয় জুটির পরিবারিক জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *