দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার :
চলতি মাসের ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পাঠদান ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১১ ফেব্রুয়ারি এবং তার পরের দিন ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষিত থাকায় এ দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি নির্বাচন দিবসে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।