টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র যাত্রা শুরু

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র যাত্রা শুরু

টাঙ্গাইলে একঝাঁক উদ্যমী ও মানবিক চেতনায় বিশ্বাসী নারী সমাজসেবীর উদ্যোগে ‘বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হাছিনা আফরোজ দিনাকে সভাপতি এবং মমতাজ পারভিনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুবর্না খান ইতি। এছাড়া ইলমি তাবাসসুমকে প্রোগ্রাম অফিসার এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন—ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা।
সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই ‘বেঁচে থাকা’ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনজন দরিদ্র ও অসহায় রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতারা জানান, ‘বেঁচে থাকা’ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে—দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“বেঁচে থাকা মানে কেবল নিজের জীবন ধারণ করা নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানো। আমরা এমন একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না।”
সভা শেষে সংগঠনের সদস্যরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *