কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হায়াতুর রহমান।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র মোঃ পারভেজ আহমেদ (২৭) এবং একই এলাকার মোঃ নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) প্রকাশ্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।
পরে দুইটি পৃথক মামলায় (মামলা নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।