গাজীপুরে কৃষক দলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরে কৃষক দলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে হেলাল উদ্দিনের পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, “হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। “নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে আগের দিন তার তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে,” বলেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *