নবম পে-স্কেল চূড়ান্ত করতে আজ পে কমিশনের শেষ সভা, বিকেলে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ
নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করতে আজ বুধবার (২১ জানুয়ারি) পে কমিশনের শেষ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের এই সভা শুরু হবে।
সভায় নবম পে-স্কেলসংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কমিশন সংশ্লিষ্ট সূত্র। সভা শেষে বিকেলেই কমিশনের চূড়ান্ত খসড়া সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।
পে কমিশনের একটি সূত্র জানায়, সভায় খসড়া সুপারিশের ওপর সর্বশেষ পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এরপর তা চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে।
কমিশনের এক সদস্য জানান, নবম পে-স্কেলের কাঠামো মোটামুটি চূড়ান্ত রয়েছে। সভায় বিষয়গুলো আরেক দফা রিভিউ করা হবে মাত্র। তিনি আরও বলেন, কমিশনের সুপারিশের কোনো কপি সদস্যদের কাছে রাখা হবে না। এটি শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছেই সংরক্ষিত থাকবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় প্রয়োজন অনুযায়ী আরও কপি প্রিন্ট করা হতে পারে।
কমিশন সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। পূর্ণ মাত্রায় এটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বেতন কমিশনের প্রতিবেদনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরবেন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।