চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়; এতে কয়েকজন আহত হয়েছেন। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
নিহত র‌্যাব কর্মকর্তা হলেন ডিএডি মো. মোতালেব। তিনি বিজিবি সদস্য ছিলেন এবং র‌্যাব-৭ এ কর্মরত ছিলেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
জঙ্গল সলিমপুর: এক ভয়ংকর সন্ত্রাস-আশ্রয়স্থল
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় গত প্রায় চার দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি। এই দখলদারিত্ব ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে একটি সশস্ত্র সন্ত্রাসগোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয়।
স্থানীয়দের দাবি, জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ কঠিন; এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে সহজে ঢুকতে পারেন না। একাধিকবার অভিযান চালানোর সময় পুলিশ ও অন্যান্য বাহিনীকে সংঘবদ্ধ ও সশস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, এই অপরাধ সাম্রাজ্যের পেছনে রয়েছে দুই শক্তিশালী সংগঠন
‘আলীনগর বহুমুখী সমিতি’ (নেতা: ইয়াসিন মিয়া) এবং
‘মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’ (নেতা: কাজী মশিউর ও গাজী সাদেক)।

উক্ত সূত্রে বলা হয়, বর্তমানে এই দুই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৩০ হাজার। তারা দখল করা পাহাড়ি জমিতে বসতি স্থাপন, প্লট বাণিজ্য ও অবৈধ স্থাপনা রক্ষায় সংগঠিতভাবে সক্রিয়।
স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের প্রভাব এতই শক্তিশালী যে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারেন না। প্রশাসনের উদ্যোগ থাকলেও প্রতিরোধ ও সহিংসতার কারণে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *