সিঙ্গাইরে গরুচোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— সিঙ্গাইর উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) এবং ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
সিঙ্গাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আনুমানিক দুইটার দিকে ইমাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়ির আশপাশে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাঁদের গরুচোর সন্দেহে আটক করা হয়। পরে গ্রামের একদল লোক তাঁদের ওপর গণপিটুনি চালায়, এতে দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাঁদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।