কালীগঞ্জে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক খুন, আটক ৩

কালীগঞ্জে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক খুন, আটক ৩

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে বালীগাঁও এলাকার মোহাম্মদ স্বপন মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮) ওই হোটেলে যান। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া (৫৫) ও মা মাজেদা খাতুন (৪৫) ঘটনাস্থলে এসে মারধর শুরু করেন।
পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *