ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না— জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না— এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রতিনিধিদলের সদস্যরা।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও সাবেক আইনপ্রণেতা ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদলটি জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ বলেন,
‘জামায়াত আমির আমাদের জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না। এটি আমাদের জন্য খুবই ইতিবাচক বিষয়। তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু ভাবতে না বলেও আহ্বান জানিয়েছেন এবং ছোট সম্প্রদায়গুলোকে সন্তানের মতো আগলে রাখার আশ্বাস দিয়েছেন।’
সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন,
‘বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে।’
বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ বলেন,
‘আমরা এ দেশের খ্রিস্টান নাগরিক হিসেবে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ চাই।’
প্রতিনিধিদলে আরও ছিলেন টিচার্স ফর পাস্টর ইন বাংলাদেশের সাবেক আইনপ্রণেতা ড. গর্ডন ক্লিংগেনশমিটসহ বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতৃবৃন্দ।
জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।