বগুড়ায় জমি মামলা: সাক্ষী আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি একটি জমি সংক্রান্ত মামলার সাক্ষী ছিলেন বলে দাবি করেছে পরিবার।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথা ও ঘাড়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দৃষ্টি (১৫), সেফা (৩৫) ও জেমি আক্তার (৩৮) রয়েছেন। তারা একই এলাকার বাসিন্দা। আহতদের কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহতের মেয়ে হিমা আক্তার অভিযোগ করে বলেন, জমি-সংক্রান্ত একটি মামলায় তার বাবা সাক্ষী ছিলেন। ওই মামলার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।