কোনাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে কলাগাছের নিচ থেকে ১০৪ রাউন্ড গুলি উদ্ধার
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জয়েরটেক পূর্বপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কলাগাছের নিচে পুঁতে রাখা অবস্থায় ১০৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মৌচাক আর্মি ক্যাম্পের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আবির আরমান নূর। অভিযানের সময় মামুনের ভিটি নামে পরিচিত একটি জমিতে কলাগাছের নিচে এসব অস্ত্র ও মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়।
রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত আলামত পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহযোগিতা চাওয়া হলে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনাবাড়ী থানার জিডি নম্বর–৪৫৩ (তারিখ: ০৯/০১/২০২৬ ইং) মূলে সেনাবাহিনীর উপস্থাপিত আলামত পরিত্যক্ত হিসেবে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য কারা রেখে গেছে এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।