সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনের লক্ষ্যে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রথম পাতার খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে গত ৬ জানুয়ারি প্রকল্পটির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর এটি প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
মোট ৬০৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হবে আধুনিক সামরিক ড্রোন প্রযুক্তি আমদানি ও দেশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে। বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জসহ অন্যান্য আনুষঙ্গিক খাতে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল (CETC International) সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশীয় পর্যায়ে সামরিক ড্রোন উৎপাদনের সক্ষমতা তৈরি হবে, যা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।