ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আদালতে মানহানি মামলা

ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আদালতে মানহানি মামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে কর্মরত একাধিক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মানহানি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে ছাতক পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির তার নিজস্ব ফেসবুক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী মো. ফজল উদ্দিনসহ দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউএজ পত্রিকার ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করেন।
অভিযোগে আরও বলা হয়, কোনো প্রকার অনুমতি কিংবা বক্তব্য ছাড়াই সাংবাদিকদের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়, যার ফলে সংশ্লিষ্ট সাংবাদিকদের সামাজিক সম্মানহানি ঘটে এবং পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে মামলার বাদী মো. ফজল উদ্দিন বলেন,
“মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এতে আমাদের সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। বাধ্য হয়েই আইনি প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।”
এদিকে মামলাটি আমলে নিয়ে আদালত ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *