দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেল, পুলিশের কার্যক্রমে প্রশ্ন

স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে প্রায় দুই মাস আগে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের একটি বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হলেও এখনো তা উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
চুরি যাওয়া মোটরসাইকেলের বিবরণ অনুযায়ী—
রেজিস্ট্রেশন নম্বর: গাজীপুর-মেট্রো-ল-১১-৪৮১০
ইঞ্জিন নম্বর: DHXPRE51875
চেসিস নম্বর: PSUA11CY6RTG54213
ঘটনাটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকেও অবহিত করা হয়। তিনি মৌখিকভাবে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)-কে দ্রুত মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি চক্র শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে মামলার অগ্রগতি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ অসন্তোষ প্রকাশ করেছে।
স্থানীয় সাংবাদিক মহল মনে করছেন, একজন পেশাদার সাংবাদিকের সম্পদ চুরির ঘটনায় দীর্ঘ দুই মাসেও ফল না আসা পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা দ্রুত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।