গাজীপুরে নিখোঁজের পর মিলল পরিবহন শ্রমিকের মরদেহ

গাজীপুরে নিখোঁজের পর মিলল পরিবহন শ্রমিকের মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের একদিন পর সড়কের পাশ থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. শরিফ মিয়া (৩০)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের বাসিন্দা ও মো. সিরাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের সোনাকর বড়পানি এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোনকল পাওয়ার পর শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন দুপুরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।
নিহতের মামা জালাল মিয়া জানান, দুপুরে এক ব্যক্তি গরু চরাতে গিয়ে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে শরিফকে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন। তিনি একটি গাড়িতে কন্টাক্টর হিসেবে কাজ করতেন। বুধবার রাতে গাড়ি থেকে নামার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে ঘটনাস্থলে আসেন।
শ্রীপুর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *