পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর একই ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন- জেলার বোদা উপজেলার সাতখামা এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে জীবন ও সাজ্জাদ আরেকটি মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। উভয় মোটরসাইকেল ধরধরা পুল এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।